আমরা বাঙালি # ৭ #
- 18 hours ago
- 2 min read

সপ্তাহ শুরু হয়েছিল টানটান রুদ্ধশ্বাস লড়াইয়ের আবহে । সেই আবহ আর তার পরবর্তী দিনগুলোতে বাঙালির আগাম ভবিষ্যত নিয়ে অনেক তাত্ত্বিক ও জল্পনার মধ্যে সপ্তাহান্তে লড়াই শেষের শান্ত শীতল কলকাতার রাত টা একটু বেশি সুন্দর লাগছে বোধহয় । মে মাসের প্রথম সপ্তাহের দাবদাহের পরিবর্তে বৃষ্টি ও শীতল মনোরম রাত ও পরিবর্তনের প্রতীক। শুক্রবারের আড্ডা শেষে বাড়ি ফেরার পথে গাড়ির পেছনের সিট থেকে অমনোযোগী মনে বৃষ্টি ভেজা কলকাতার রাত কে দেখতে বেশ ভালো লাগছে বাঙালির ।
আর কবে ? আর কবে ? - অরিজিৎ সিংহের সেই বিদ্রোহী গান টা হটাৎ করে বেজে ওঠে গাড়িতে। বাঙালি চমকে ওঠে । গানের মূর্ছনার সাথে মননে ভেসে ওঠে দুবছর আগের সেই কয়েক মাসের অশান্ত বিক্ষুব্ধ সময় । স্বার্থপর, আত্মকেন্দ্রিক নাগরিক সমাজ কোন এক অজানা হ্যামিলনের বাঁশিওয়ালার আওয়াজে পাগলের মতন রাস্তা তে নেমে প্রতিবাদ আর ঘৃণা প্রকাশ করে চলেছে বিচারের আশায় । নাগরিক সমাজের আট থেকে আশি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে । নাহ, নিজের জন্য নয় । শুধু সমাজ পরিষ্কারের জন্য । প্রিয় দুর্গাপুজোর উৎসবের পরিবর্তে উৎশবের যন্ত্রণা নিয়ে রাতের পর রাত অনশনরত প্রতিবাদীর পাশে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়া আর আক্ষেপ। গণশত্রু পুলিশ প্রশাসন । একরাশ ঘেন্না নিয়ে পুলিশের সাথে সংঘাত ।
-“দ্যাখ পুলিশ গুলো কে আর এখন খারাপ লাগছে না । ওদের আর চোরের মতন ও দেখতে লাগছে না”।
সহযাত্রীর কথায় দুবছর আগের সময় থেকে আবার বর্তমানে ফিরে আসে বাঙালি । বৃষ্টি ভেজা গাড়ির কাঁচটা একটু নামিয়ে ভালো করে দেখতে থাকে রাস্তায় দাড়িয়ে থাকা পুলিশ গুলোকে। সত্যি তো, ওদের কেও কি সুন্দর মানবিক লাগছে আজ! রাস্তায় কোনও অযাচিত ভিড় নেই। উশৃঙ্খল, বেপরোয়া, অমানবিক চোখ মুখ গুলোও অদৃশ্য। তাহলে সত্যিই পরিবর্তন হয়েছে সব জল্পনার অবসান ঘটিয়ে ?
-“নতুন প্রেমে পড়লে সব কিছুই ভালো লাগে। প্রেম টা একটু পুরনো হতে দাও, দেখ ভালোবাসা আবার না ফুরুত হয়ে যায় !” - পাশের আর এক সহযাত্রীর সাবধান বাণী তে বাঙালি হেসে ওঠে ।
বিগত কয়েক দশক ধরে জাগতিক, মানসিক , আধ্যাত্মিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক স্খলন দেখে বাঙালির পক্ষে নতুন ভাবে চারিপাশ কে সুন্দর দেখতে চাওয়ার বাসনা টা বোধহয় এতটাই তীব্র, যে কিছু পরিবর্তন হবার আগেই মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেছে ।
বৃষ্টির জলে শুধু বিগত কয়েক বছর ধরে জমতে থাকা নর্দমার গন্ধ মাখা হতাশ মনের কাদা টা ধুয়েছে শুধু - গন্ধ যেতে এখনও আরও অনেক সময় ….
আজ উঠুক জেগে সুপ্ত চেতনা
অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা
আর কবে ?
আর কবে ?
গানটা আরও একটু জোরে করে দেয় বাঙালি , গলা মেলায় গানের সাথে …




Comments